শোক
সাহিদা আক্তার
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সাহিদা আক্তার (৫৯) গত শনিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক গাজী সালেহ্উদ্দিনের সহধর্মিণী তিনি। গতকাল রোববার সকালে মহিলা কলেজের শহীদ মিনার চত্বরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।
মো. ইউসুফ হোসেন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ হোসেন মোল্লা (৭০) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ সোমবার বাদ আসর তাঁর নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
হামিদুর রহমান
চট্টগ্রামের পটিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পটিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হামিদুর রহমান (৮২) গত শনিবার রাতে পৌর সদরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
নুর আলী চৌধুরী
চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুর আলী চৌধুরী (৫৮) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর নলান্ধা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নুর আলী চৌধুরী জাতীয় পার্টির (জাপা) পটিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মনিন্দ্র কুমার চৌধুরী
ফেনীর সোনাগাজীর বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার চৌধুরী (৭২) গত শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শনিবার বিকেলে উপজেলার পূর্ব সফরপুর গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
ফেনী অফিস