শোক
সামছুল হক বাগেরহাটের প্রবীণ আইনজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকে অবিভক্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা সামছুল হক (৭৫) গতকাল শনিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর বাগেরহাট আদালত চত্বরে ও পরে বাগেরহাট পিসি কলেজমাঠে এবং বাদ আসর রামপালের ঝনঝনিয়া স্কুলমাঠে মরহুমের জানাজা শেষে ঝনঝনিয়া গ্রামের বাড়িতে সামছুল হকের লাশ দাফন করা হবে। সামছুল হক আয়ুববিরোধী আন্দোলনসহ অসাম্প্রদায়িক প্রগতিশীল বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৬২ সাল থেকে দীর্ঘ সময় তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) বাগেরহাট মহকুমা কমিটির সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির জ্যেষ্ঠ সদস্য ছিলেন। বাগেরহাট প্রতিনিধি।এম আলাউদ্দীন আহমেদপ্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদের বাবা এম আলাউদ্দীন আহমেদ (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার সকাল নয়টা ১০ মিনিটে তিনি যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। যশোর শহরের বেজপাড়ার চোপদারপাড়া সড়কের বাসিন্দা এম আলাউদ্দীন আহমেদ কাস্টমস বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল রাত ১০টার দিকে জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা। যশোর অফিস।