শোক
আফসার আলী আহম্মেদ
মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক সাংসদ আফসার আলী আহম্মেদ (৯৫) আর নেই। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ডাকবাংলা কবরস্থানে দাফন করা হয়। আফসার আলী আহম্মেদ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমএনএ এবং ১৯৭৩ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের আগে থেকে তৎকালীন নীলফামারী মহকুমা থেকে বর্তমান জেলা পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি মহকুমা ও জেলা আওয়ামী লীগের প্রায় ৩৪ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। আফসার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নীলফামারী প্রতিনিধি।