শোক
ইয়াকুব আলী চৌধুরী
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সাংসদ, গলাচিপার খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয় ও খারিজ্জমা কলেজের প্রতিষ্ঠাতা মো. ইয়াকুব আলী চৌধুরী ওরফে বাদশা চৌধুরী (৭৬) গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় গলাচিপার খারিজ্জমা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
জয়ন্তী মজুমদার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খামারগাঁও গ্রামের সরকারবাড়ির সদস্য হীরেন্দ্র চন্দ্র মজুমদারের স্ত্রী জয়ন্তী মজুমদার (৯৫) গতকাল শনিবার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। চার বছর যাবৎ তিনি শারীরিক অসুস্থতা নিয়ে শয্যাশায়ী ছিলেন। জয়ন্তী মজুমদার সমকাল পত্রিকার নান্দাইল প্রতিনিধি প্রবাল কান্তি মজুমদারের মা। গতকাল সন্ধ্যা ছয়টায় সরকারবাড়ির নিজস্ব শ্মশান কদমতলায় জয়ন্তীর সৎকার করা হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
রাশেদীন ফয়সাল
সিলেটের তরুণ চিত্রশিল্পী ও অনলাইন গণমাধ্যম সিলেট ভিউ ২৪ ডটকম-এর সাংবাদিক রাশেদীন ফয়সাল (২৮) গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৩ জুলাই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। গতকাল রাতে তাঁর মরদেহ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকার নিজ বাড়িতে নিয়ে এসে দাফন করার কথা রয়েছে। সিলেট প্রতিনিধি