শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুৎফর রহমান
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার স্থল গ্রামের বাসিন্দা ও আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান (৮০) গত শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর স্থল ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।

খন্দকার আবদুর রহিম
নরসিংদীর ঐতিহ্যবাহী সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক খন্দকার আবদুর রহিম (৮০) গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকালে স্কুলমাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ার নিজপানুয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নরসিংদী প্রতিনিধি।

রহিমা ইয়াসিন
পাবনার চাটমোহর থানার ছাইতোলা গ্রামের বাসিন্দা রহিমা ইয়াসিন (৬৮) গতকাল রোববার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকমের চিফ রিপোর্টার আবদুর রহিম হারমাছির মা। মরহুমা স্বামী, পাঁচ ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা। তাঁর মৃত্যুতে ডিআরইউর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

রায়হানা ইব্রাহীম
সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং ইব্রাহীম গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম ইব্রাহীম মিয়ার সহধর্মিণী রায়হানা ইব্রাহীম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৯ জুলাই বুধবার ভোরে কানাডার টরন্টো জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা গতকাল রোববার বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।