শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিবুর রহমান
জামালপুরের ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের বানারপার গ্রামের বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ মুজিবুর রহমান (৮৬) গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহ জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। সোমবার দুপুরে নান্দিনা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম ও বানারপার ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত স্থানীয় হাফেজী মাদ্রাসা-মসজিদ প্রাঙ্গণে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

মুহাম্মদ নূরুন্নবী
শিক্ষাবিদ মুহাম্মদ নূরুন্নবী (৭৫) গতকাল মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। নূরুন্নবী পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ ছিলেন। পাবনা অফিস

মোজাম্মেল হক
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (৭০) গত সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপারকোনা মহেশ চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জগদীশ দাশগুপ্ত
দৈনিক সংবাদ পত্রিকার চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক নিরূপম দাশগুপ্তের বাবা জগদীশ দাশগুপ্ত (৮২) গত সোমবার গভীর রাতে মারা গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে জগদীশ দাশগুপ্তের গ্রামের বাড়িতে তাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। চট্টগ্রাম অফিস।