শোক

আবুল হাশেম
চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাশেম (৭৮) বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে তাঁর লাশ উপজেলার হুলাইন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
আবুল কাসেম
বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কাসেম গত রোববার রাত আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার বাদ জোহর মরহুমের স্থায়ী নিবাস চট্টগ্রামের ১৬ নম্বর শাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আবুল কাশেম প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাসুম আলীর চাচা। আগামীকাল বুধবার মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁর ছেলে হারুন রশীদ। নিজস্ব প্রতিবেদক
প্রশান্ত করঞ্জাই
ভোলার আইনজীবী, সাংস্কৃতিক সংগঠক, আবৃত্তিশিল্পী ও রাজনীতিবিদ প্রশান্ত করঞ্জাই গতকাল সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি সাংস্কৃতিক সংগঠক অতনু করঞ্জাইয়ের বাবা এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ভোলা প্রতিনিধি আইনজীবী জয়ন্ত বিশ্বাসের জ্যাঠা। ভোলা প্রতিনিধি
আনোয়ার আহম্মেদ
কুষ্টিয়ার খোকসা পৌরসভার প্রথম মেয়র আনোয়ার আহম্মেদ (৬৯) গত রোববার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বিকেলে জানাজা শেষে খোকসা পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হয়। কুষ্টিয়া অফিস