শোক
এস ডি আহমদ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রবীণ নেতা ও ভাষাসৈনিক কর্নেল (অব.) শরফুদ্দিন আহমদ (এস ডি আহমদ) আর নেই। তিনি গত শনিবার সন্ধ্যা সাতটায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর বয়স ছিল ৯৩ বছর। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এস ডি আহমদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁকে কেরানীগঞ্জে নিজ গ্রামে সমাহিত করা হয়। এস ডি আহমদ ১৯২২ সালে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫১-৫২ সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন সিপিবির উত্তরা থানা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ গভীর শোক জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
সুলতানা বারেক
টাঙ্গাইলের ডা. আবদুল বারেক তালুকদারের স্ত্রী সুলতানা বারেক (৭০) ২৬ সেপ্টেম্বর সকালে রাজধানীতে তাঁর বড় ছেলের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন বাদ জোহর ঢাকার সিএমএইচ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর বড় ছেলে রেজাউল আরিফ বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল এবং ছোট ছেলে এ এইচ এম মাহফুজুল আরিফ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এবং কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি।
আবদুল মতিন
প্রবীণ সাংবাদিক আবদুল মতিন (৮০) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। ষাটের দশকের ছাত্রনেতা আবদুল মতিন ১৯৬১ সালে দৈনিক সংবাদ-এ সাংবাদিকতা শুরু করেন। এরপর বাংলাদেশ অবজারভার-এর বার্তা সম্পাদক ও জনকণ্ঠ-এর সহযোগী সম্পাদক পদে এবং ১৯৮৩ সালে লন্ডনে বিবিসির বাংলা বিভাগে খণ্ডকালীন সাংবাদিকতা করেন। আজ সোমবার বাদ আসর ১৩/৯ সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুরে নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
মো. ইকবাল
ঢাকার সাভারের আশুলিয়ার বিরুলিয়ার বাসিন্দা ব্যবসায়ী মো. ইকবাল (৬৪) ২৫ সেপ্টেম্বর সকালে গাজীপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ভাই ও তিন বোন রেখে গেছেন। ওই দিন রাতে মরহুমের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সরিষাবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মো. ইকবাল প্রথম আলোর সিনিয়র সোশ্যাল মিডিয়া মডারেটর শওকত আলীর বড় ভাই। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জয়নুল আবেদীন
বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের সহ-পরিচালক জয়নুল আবেদীন (৪০) ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর পল্লবীর বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে সমীক্ষক পদে যোগ দেন। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান জয়নুল আবেদীনের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
রওশন আক্তার
চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আক্তার হানিফ (৭২) গত বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মরহুমার প্রথম জানাজা গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কলেজসংলগ্ন প্যারেড মাঠে এবং হাটহাজারীর মাদার্শা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক রওশন আক্তার চট্টগ্রামের শিক্ষানুরাগী বাদশা মিঞা চৌধুরীর মেয়ে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম