শোক
মতিউর রহমান
বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান (৭২) কিডনি রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর্মজীবনে তিনি বার্তা সংস্থা এনার প্রধান প্রতিবেদক ও নিউনেশন পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, ছয় ভাই ও এক বোন রেখে গেছেন। মহাখালী ডিওএইচএস মসজিদে গতকাল বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি।
আলেকজান্ডার রোজারিও
বিশিষ্ট শিক্ষাবিদ আলেকজান্ডার রোজারিও (৭৯) গত ২৯ অক্টোবর দিবাগত রাতে মারা গেছেন। আজ রোববার বেলা ১১টায় ঢাকার তেজগাঁও হলি রোজারি চার্চে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। লেখক, গীতিকার ও সংগঠক আলেকজান্ডার রোজারিও বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন নিয়মিত বাইবেল পাঠ করতেন। এ ছাড়া তিনি ছিলেন তাঁর নিজের গড়া সেন্টপ্যাট্রিকস গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং দ্য মর্নিং স্টার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।
আবদুস সামাদ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সামাদ (৭৭) গত শুক্রবার রাতে কুমিল্লার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর চন্দ্রপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ছোট হাসদা
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়াকাজিপাড়ার সাঁওতাল মুক্তিযোদ্ধা ছোট হাসদা (৭২) গত শুক্রবার রাতে নিজ বাড়িতে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে গ্রামের সামাজিক সমাধিক্ষেত্রে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।