শোক

আবদুল মুনিম চৌধুরী
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (ব্যাট) সাবেক বাণিজ্য বিপণন পরিচালক আবদুল মুনিম চৌধুরী (৭২) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশে ব্যাটের হয়ে দুই দশক ধরে কাজ করেছেন। এরপর তিনি পূর্ব ও মধ্য আফ্রিকার ১২টি দেশে ব্যাটের বিপণন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল শুক্রবার নিউইয়র্ক সময় বাদ জুমা জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে জানাজা শেষে সাইপ্রেস হিলস কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা। বিজ্ঞপ্তি।
সুধীন চন্দ্র অধিকারী
সিলেটে ঐতিহ্যবাহী ঘাটু ও উরিগানের শিল্পী এবং মৃদঙ্গ বাদক সুধীন চন্দ্র অধিকারী (৮৬) গতকাল শুক্রবার বেলা ১১টায় মৃত্যুবরণ করেছেন। তিনি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভেড়াডহরে তাঁর মৃত্যু হয়। সুধীন চন্দ্র স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সন্ধ্যায় গ্রামের বাড়িতেই তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। সিলেট প্রতিনিধি