শোক
আবু জাফর তালুকদার
দৈনিক সংবাদ-এর নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রতিনিধি আবু জাফর তালুকদার (৫৪) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর নিজ গ্রাম শ্যামগঞ্জের শালদিঘা নূরমদিনা দরবার শরিফ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আবু জাফর তালুকদার আজকের কাগজ, দৈনিক জাহান-এও কাজ করেছেন। নেত্রকোনা প্রতিনিধি।
মোহাম্মদ আবদুল লতিফ
সংগীতশিল্পী ও গীতিকার মোহাম্মদ আবদুল লতিফ (৮০) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগরের স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আবদুল লতিফ মরমি কবি হাসন রাজার গানের শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। ২০০৯ সালে ঢাকায় হাসন রাজা লোক উৎসবে হাসন রাজা ফাউন্ডেশন তাঁকে ‘হাসনরত্ন’ পদক দেয়। তিনি হাসন রাজার লেখা বেশ কয়েকটি গানে সুরারোপ করেছেন। সুনামগঞ্জ অফিস।
রফিকুল হোসাইন
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ রফিকুল হোসাইন (৮৫) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও পরে লাকসাম পৌরসভার ডুরিয়াবিষ্ণুপুর এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রফিকুল হোসাইন ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি বেশ কয়েক বছর লাকসাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।