শোক
মোস্তানছুর রহমান চৌধুরী
ফেনীর প্রবীণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মোস্তানছুর রহমান চৌধুরী (৭৩) বার্ধক্যজনিত অসুস্থতায় গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ভাই রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ফেনীর মিজান ময়দানে ও পরে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। ফেনী অফিস
চিত্তরঞ্জন সাহা
গণফোরাম মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সহসভাপতি চিকিৎসক চিত্তরঞ্জন সাহা (৮২) গত বুধবার সন্ধ্যায় জেলার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় শিববাড়ি শ্মশানে দাহ করা হয় চিত্তরঞ্জন সাহাকে। চিত্তরঞ্জন সাহার মৃত্যুতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। বিজ্ঞপ্তি।