শোক
মুহাম্মদ ইউনূস মিয়া
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ ইউনূস মিয়া (৭৫) গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আসরের নামাজের পর রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর কুলখানি আগামী সোমবার উত্তরার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
সামছি খানম চৌধুরী
সিলেটের বাসিন্দা সামছি খানম চৌধুরী (৯০) শুক্রবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বেলা দুইটায় জানাজা শেষে নগরের চাষনী পীর (রহ.)-এর মাজারের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি সিলেট মহানগর বিএনপি নেতা সালেহ আহমদ খসরু এবং জেলা ছাত্রদলের সাবেক নেতা কামরুল হাসান শাহীনের মা। সিলেট প্রতিনিধি
আমিনুর রশিদ মিনু
বিশিষ্ট সার্জারি কনসালট্যান্ট আমিনুর রশিদ মিনু (৫৬) গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের সিনিয়র সার্জারি কনসালট্যান্ট এবং হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের একজন অংশীদার ছিলেন। তাঁর স্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহী রহমান। মরহুমের প্রথম জানাজা পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং মরহুমের আত্মীয়স্বজন ও গুণগ্রাহী অংশ নেন। বিজ্ঞপ্তি।