শোক
মাহাবুব আলীবাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান ও ভ্যালিয়েন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মাহাবুব আলী (৫৩) গতকাল রোববার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ মাগরিব চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মাহাবুব আলী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিজিএমএইএর প্রথম সহসভাপতি, বন্দরের উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিজিএমইএ, চট্টগ্রাম চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।আবদুল ওহাব জয়পুরহাটের কালাই সদরের ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আবদুল ওহাব (৬৯) হূদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল রোববার সকাল সোয়া ১০টায় কালাই এমইউ হাইস্কুল মাঠে এবং বেলা সোয়া ১১টায় চান্দাইরদীঘি মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ ঝামুটপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি।কমলেশ রায়জাতীয় কবিতা পরিষদ, ফরিদপুর শাখার সহসভাপতি কমলেশ রায় (৬১) ফরিদপুর শহরের কমলাপুরের নিজ বাসভবনে গত শনিবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ফরিদপুর সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য এবং ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সদস্য ছিলেন। ফরিদপুর অফিস।