শোক
আবদুল হাই খান
নওগাঁ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির নওগাঁ সদর আসনের সাবেক সাংসদ আবদুল হাই খান (৭৮) গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকাল ১০টায় নওগাঁ নওজোয়ান মাঠে প্রথম জানাজা, বেলা ১১টায় আদালত চত্বরে দ্বিতীয় জানাজা এবং নিজ বাড়ি সদর উপজেলার খলিসাকুড়ি গ্রামে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী ফজলে রাব্বি গভীর শোক প্রকাশ করেছেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।
নিরদা ঘোষ
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী লাল মোহন ঘোষের স্ত্রী নিরদা ঘোষ কানাডার মন্ট্রিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গতকাল রোববার ভোরে পরলোক গমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি পাঁচ ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। কাল মঙ্গলবার কানাডায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তিনি প্রথম আলোর আখাউড়া প্রতিনিধি দুলাল ঘোষের দিদিমা (নানি)। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।