শোক
গোলাম মোস্তফা বাউলা
নীলফামারীর ডোমার উপজেলার মুক্তিযোদ্ধা সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ডোমার সাহিত্য পরিষদের পরিচালক, ডোমার নাট্য সমিতির সাবেক সভাপতি, ধীরাজ ও মিজান সঞ্চৃতি পাঠাগার ও মিলনায়তনের সহসভাপতি গোলাম মোস্তফা বাউলা (৭৩) গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা ২৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা ডোমার চিকনমাটি কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। গোলাম মোস্তফা বাউলার মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন। নীলফামারী প্রতিনিধি।
হাবিবুর রহমান
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (৭৭) গত বৃহস্পতিবার রাতে ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল নয়টায় সরিষাবাড়ীর গণময়দানে প্রথম ও বেলা তিনটায় সাতপোয়া ইউনিয়নের আরএনসি ঈদগা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ নান্দিনা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।
মৃত্যুবার্ষিকী
আবদুর রশিদ আকন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পটুয়াখালী আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রশিদ আকনের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ ২৬ এপ্রিল শনিবার। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। আবদুর রশিদ আকন পটুয়াখালীর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিউর রশিদ নান্নুর বাবা। বিজ্ঞপ্তি।