শোক আর বেদনার সঙ্গে মিশেছে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম মন্ত্রণালয় ও আইএলও আয়োজিত ‘রানা প্লাজার এক বছর পর: অগ্রগতি ও সামনে এগোনোর পথ’ শীর্ষক আলোচনা সভায় নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) তপন চৌধুরী, উইলিয়াম আনা, মিকাইল শিপার, গিলবার্ট ফসুন হাংবো, খন্দকার মোশাররফ হোসেন, রবার্ট গিবসন, হিদার ক্রুডেন, গারবেন ডি সং এবং ড্যান মজীনা । ছবি: প্রথম আলো
শ্রম মন্ত্রণালয় ও আইএলও আয়োজিত ‘রানা প্লাজার এক বছর পর: অগ্রগতি ও সামনে এগোনোর পথ’ শীর্ষক আলোচনা সভায় নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) তপন চৌধুরী, উইলিয়াম আনা, মিকাইল শিপার, গিলবার্ট ফসুন হাংবো, খন্দকার মোশাররফ হোসেন, রবার্ট গিবসন, হিদার ক্রুডেন, গারবেন ডি সং এবং ড্যান মজীনা । ছবি: প্রথম আলো

ছিল রক্তের ধারা। ভাঙা হাড়। থেঁতলানো মাংস। সবই মানুষের। সেদিনের সেই জায়গায় গতকাল বৃহস্পতিবার ছিল ফুলের স্তূপ। সেদিন বাতাস মথিত করেছিল আর্তনাদ। এদিন এলাকা প্রকম্পিত করে উঠল ক্ষুব্ধ কণ্ঠের আওয়াজ ‘তালাবদ্ধ থাকব না, আগুনে পুড়ে মরব না, ভবন ধসে মরব না’। সেদিনও মানুষ ছিল বেশুমার, এদিনেও। মাঝখানে পেরিয়ে গেছে একটি বছর। শোকের সঙ্গে মিশেছে ক্ষোভ।
দেশের শিল্পপ্রতিষ্ঠানের সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের বছর পূর্তি হলো গতকাল। এ কোনো আনন্দের উদ্যাপন নয়। নয় গৌরবের স্মরণ। বছরপূর্তির দিনটিতে স্বজন-হারার শোক, স্বাভাবিক জীবন থেকে ছিটকে যাওয়ার বেদনা, আতঙ্ক, উদ্বেগ আর সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি নিয়ে স্থানটির সামনে সমবেত হয়েছিলেন হাজার হাজার মানুষ।
ধসের পর নয়তলা ভবনটি হয়েছিল তিনতলাসমান কংক্রিটের স্তূপ। উদ্ধারকাজ শেষে গভীর খাদ। টিন দিয়ে ঘেরা। তার সামনে ‘প্রতিবাদ-প্রতিরোধ’ নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল গত বছরের ২৪ মে। কংক্রিটের তৈরি মুষ্টিবদ্ধ দুটি হাত। সামনে ছোট্ট বেদি। সেখানেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দূর থেকে সেই দৃশ্য দেখার চেষ্টা করছিলেন জয়পুরহাটের মরিয়ম বেগম। ভিড় ঠেলে কাছে যাওয়ার সাধ্য তাঁর নেই। হুইলচেয়ারে বসা। ঠেলে নিয়ে আসছিলেন তাঁর মা। কতই না বদলে গেছে এই এক বছরে তাঁর জীবন! গত বছর এই দিনে সাভারের তলতা এলাকা থেকে সাতসকালে হেঁটে এসে উঠে গিয়েছিলেন ভবনের পঞ্চম তলায়। ভাঙা থামের নিচে চাপা পড়ে গেছে

তাঁর চলার শক্তি। বাঁ পা এমনভাবে ভেঙেছে যে এক বছরেও পুরোপুরি জোড়া লাগেনি। অস্ত্রোপচার হয়েছে। ফল হয়নি বিশেষ। এখনো পায়ের পাতা থেকে হাঁটু অবধি মোটা প্লাস্টার মোড়া। চিকিৎসা নিচ্ছেন সাভার সিআরপিতে। আদৌ কোনো দিন আগের মতো চলতে-ফিরতে পারবেন কি না, জানা নেই। মায়ের দুশ্চিন্তা আরও বেশি। একে তো মেয়ের কাজ করার সামর্থ্য নেই, তারপর আবার অচল। এই মেয়েকে বিয়ে করবে কে?
কী উত্তর হবে এমন প্রশ্নের? কে দেবে জবাব? মাথা নিচু করে চলে আসতে হলো মা-মেয়ের সামনে থেকে।
সড়কটিতে দুর্ঘটনার দিনের মতোই থিকথিক করছে অগণিত কালো মাথা। পুলিশ সড়কের পূর্ব পাশে যান চলাচল বন্ধ করে দিয়েছে। পশ্চিম পাশেও অনেকক্ষণ পর পর দু-চার গজ করে এগোচ্ছে গাড়ির সারি। দুর্ঘটনার দিন পুরো পথটিই ছিল। উদ্ধার করে হতাহতদের নিয়ে ভবনের সামনে থেকে সাইরেন বাজিয়ে মুহুর্মুহু ছুটেছিল অ্যাম্বুলেন্স।

শোকাতুর স্বজন
শোকাতুর স্বজন

আচমকা অত বড় একটি ভবন চোখের সামনে ধসে পড়তে দেখার প্রাথমিক বিস্ময়ের ধাক্কা সামলে ওঠার পরপরই আশপাশের হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন উদ্ধারকাজে। নিজেরাই লাঠি হাতে পথে দাঁড়িয়ে অবাঞ্ছিত ভিড় সামলেছেন, ছুটে এসেছেন অ্যাম্বুলেন্স ও উদ্ধারের সরঞ্জাম নিয়ে। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করেছিল। যে যেভাবে পেরেছেন এগিয়ে এসেছেন অভাবিত দুর্ঘটনাকবলিত মানুষের জন্য কিছু না কিছু করতে। গণমাধ্যমকর্মীরা ছুটে এসেছিলেন সংবাদ সংগ্রহের কাজে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পথের পাশ দিয়ে তাঁবু টানিয়ে স্থাপন করা হয়েছিল জরুরি প্রাথমিক চিকিৎসা ও রক্তদান কেন্দ্র।
গতকালও দৃশ্য ছিল প্রায় একই রকম। কেবল হতাহতদের নিয়ে ছুটতে থাকা অ্যাম্বুলেন্স আর চিকিৎসাকেন্দ্রগুলো ছাড়া। বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা আলাদা জায়গায় মাইক টাঙিয়ে, মাইক্রোফোন নিয়ে পথসভার মতো একধরনের আয়োজন করেছিল। একের পর এক বক্তৃতা চলছিল সেখানে। বিভিন্ন সংগঠনের নেতারা এসেছিলেন শ্রমিকদের প্রতি একাত্মতা প্রকাশ করতে। শ্রমিকেরা জানাচ্ছিলেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বলছিলেন ক্ষতিপূরণ না পাওয়ার কথা। শাস্তির দাবি তুলছিলেন ভবনমালিকের।
এসব দাবিদাওয়া নিয়ে উঠছিল ঝাঁজালো স্লোগান। পরিবেশ সচকিত করে খানিক পরপরই কালো ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিল যাচ্ছিল রানা প্লাজা থেকে উপজেলা কার্যালয় মোড় পর্যন্ত। কোনো কোনো মিছিলে তুলে ধরা হয়েছিল জাতীয় পতাকা। সকাল ১০টার দিকে একটি বেশ বড় মিছিলে কাফনের মতো সাদা কাপড় পরে পথে নামেন পোশাকশ্রমিকেরা। এই মিছিলটি বের হওয়ার পর ক্ষোভের সঙ্গে শোকের আবহ মিশে বিষাদময় হয়ে ওঠে পরিবেশ। অনেকেই ভেঙে পড়েন কান্নায়।
সাদা থানের মাঝখানের কাটা অংশ দিয়ে মাথা গলিয়ে আলখাল্লার ঝুলিয়ে রাখা প্রতীক কাফন গায়ে বৃদ্ধ হামিদ ব্যাপারী বলছিলেন, ‘এই কাফন তো আমারই পরার কথা ছিল আগে। পোলারে পরায়ে দিতে হলো।’
হামিদের বাড়ি ধামরাইয়ের আনন্দনগরে। তাঁর দুই মেয়ে রিনা আর শিমলার পর ছেলে রবিন। বছর কুড়ির ছেলেটি কাজ করতেন চতুর্থ তলায়। লাশ

পেয়েছিলেন তিন দিন পর। শরীরের কোথাও কিছু হয়নি। শুধু মাথার একপাশ গুঁড়িয়ে গিয়েছিল। জানালেন, ‘ছেলে মরার পর মায়ের অবস্থা পাগলের মতো। কখন কী করে মাথার ঠিক নাই।’ ঘামের সঙ্গে কান্নার লোনাপানি মিশে জবজবে হয়ে ওঠা মুখটিই জানিয়ে দিচ্ছিল, কী চলছে তার বুকের ভেতরে।
বেলা ১১টায় অধরচন্দ্র স্কুল মাঠে ছিল নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল। অংশ নিতে একে একে এগোচ্ছিলেন রানা প্লাজার সামনে সমবেতরা। স্কুলে যাওয়ার পথটি এনাম মেডিকেল কলেজের সামনে দিয়ে। গত বছর এই হাসপাতালটির প্রবেশপথের সামনে অ্যাপ্রোন গায়ে নবীন চিকিৎসক ও শিক্ষার্থীদের দল ছিলেন দারুণ ব্যস্ত। কান্নায়, চিৎকারে উচ্চকিত ছিল পরিবেশ। এখন সেখানে নীরবতা।
স্কুলের বারান্দা ভরে উঠেছিল সেদিন সাদা প্লাস্টিক ব্যাগে ভরা মৃতদেহে। মাঠটি ছিল যেন বন্যা-ঘূর্ণিঝড়দুর্গতদের আশ্রয়কেন্দ্র। সময় এখানেও বদলে দিয়েছে পরিবেশ। ভবনে নতুন রং। পরিচ্ছন্ন মাঠ। আমতলায় শামিয়ানা টানিয়ে মিলাদের আয়োজন।
‘কে হায় হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে’—এই শোকাতুর মানুষগুলোর দিকে তাকিয়ে মনে হলো—কিছু কিছু বেদনা আছে, যাকে হূদয় খুঁড়ে জাগাতে হয় না, কারও কারও হূদয়ে তা সততই জেগে থাকে।