শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে গতকাল মঙ্গলবার জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়।
সকালে রাজশাহীর কুমারপাড়ায় স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে আওয়ামী লীগের কার্যালয় থেকে শোক র্যালি বের হয়। প্রথম প্রহরে নগরের লক্ষ্মীপুর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ ফজলে হোসেন বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রমুখ। এ ছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর ওয়ার্কার্স পার্টি। বাঘায় কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালে উপাচার্য এম আবদুস সোবহানসহ কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসব অনুষ্ঠানে শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়।
রংপুরে সিটি করপোরেশনের মেয়র, রংপুর বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে শোক র্যালি বের হয়। টাউন হলে আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জেলা কার্যালয় চত্বর থেকে সাংসদ আবদুল ওদুদের নেতৃত্বে শোক র্যালি বের হয়ে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে জেলা আইনজীবী সমিতি শোক মিছিল করে। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার এ টি এম মোজাহিদুল ইসলাম, অধ্যক্ষ মনজুর রেজা প্রমুখ।
নীলফামারীতে বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ শোক র্যালি বের করে। শহরের চৌরঙ্গী মোড়ে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক মমতাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুজার রহমান প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের নেতৃত্বে শোক র্যালি বের হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিনুল আলমের সভাপতিত্বে সভা হয়।
নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়সহ প্রতিটি উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনসহ নানা কর্মসূচি পালন করে। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মো. আবদুল কুদ্দুস ও সম্পাদক সাংসদ শফিকুল ইসলাম প্রমুখ। সিংড়ায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ও লালপুরে সাংসদ মো. আবুল কালাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পাবনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের র্যালি থেকে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ছাড়া জেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনা ড্রামা সার্কেল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
গাইবান্ধা জেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানসহ নানা কর্মসূচির আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। বিকেলে সভা করে জেলা আওয়ামী লীগ।
নওগাঁয় কালো পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ আবদুল মালেক। জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, উপাধক্ষ্য মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জন যুবক ও যুব মহিলার মধ্যে ৫২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
জয়পুরহাটে সকালে শোক র্যালি বের হয়। সাংসদ সামছুল আলম, জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক মাল্যদান করেন। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা হয়।
সকালে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের। মিলনায়তনে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে সভায় সাংসদ মো. নুরুল ইসলাম সুজন, সাবেক সাংসদ মো. মজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ বক্তব্য দেন। এদিকে পঞ্চগড়ের বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতি নানা কর্মসূচির আয়োজন করে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর ও চাঁপাইনবাবগঞ্জ, পাবনা অফিস, রাজশাহী, নীলফামারী ও নাটোর, গাইবান্ধা, পঞ্চগড়, নওগাঁ, জয়পুরহাট প্রতিনিধি)