শোক ও শ্রদ্ধায় সাংবাদিক অশোক সেনের শেষকৃত্য সম্পন্ন
গভীর শোক আর শ্রদ্ধায় শেষ হলো যশোরের প্রথিতযশা সাংবাদিক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অশোক সেনের অন্ত্যেষ্টিক্রিয়া। গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় অশোক সেনের মরদেহ জন্মস্থান কেশবপুরের বাড়িতে নেওয়া হয়। বাড়িতে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন স্ত্রী বেবি সেন ও ছেলে অর্ণব সেন। পরে কেশবপুর প্রেসক্লাবে নেওয়া হলে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসে সর্বস্তরের মানুষ। এরপর সকাল সাড়ে ১০টায় যশোর প্রেসক্লাবে, সাড়ে ১১টায় উদীচী ও সাড়ে ১২টায় প্রথম আলোর যশোর কার্যালয় প্রাঙ্গণে মরদেহ রাখা হয়। এ সময় বন্ধুসভা ও প্রথম আলো পরিবারসহ যশোরের সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানের জন্য মরদেহ যশোরের শ্রীধর পুকুরপাড়ের বাড়িতে নেওয়া হয়। বেলা আড়াইটায় নীলগঞ্জ মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম এবং পত্রিকার বিভিন্ন এলাকার প্রতিনিধিসহ যশোরের সর্বস্তরের মানুষ। শেষকৃত্য শেষে আব্দুল কাইয়ুম অশোক সেনের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে অশোক সেনের মৃত্যুতে যশোর প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। উদীচী কার্যালয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নাগরিক শোকসভার প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে। এ ছাড়া যশোর বন্ধুসভাও শোক প্রকাশ করে কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা অর্ধনমিত রাখে। অশোক সেনের মৃত্যুতে প্রেসক্লাব, উদীচী ও বন্ধুসভা শোকবই খুলেছে। খুলনায় স্মরণসভা: আমাদের নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, অশোক সেনের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল স্মরণসভা করেছে খুলনা নাগরিক সমাজ। দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতে বরেণ্য এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। মুক্তিযোদ্ধা ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুব্রত কুন্ডু, আব্দুল জলিল, মো. মাসুম, হিমাংশু বাইন, প্রীতিষ মণ্ডল প্রমুখ। রোববার বিকেলে যশোরের একটি হাসপাতালে মারা যান অশোক সেন।