শোক-ক্ষোভে সিলেটে সালমান শাহর মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ৬ সেপ্টেম্বর ছিল চিত্রনায়ক সালমান শাহর ২১তম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করে গতকাল সিলেট নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে সালমান শাহর ভক্তদের সংগঠন ‘সালমান শাহ ঐক‌্যজোট’। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত চিত্রনায়কের মা নীলা চৌধুরী। ছবিটি বন্দরবাজার থেকে বেলা তিনটার দিকে তোলা l প্রথম আলো

‘আমি সালমানকে জন্ম দিয়েছি। আপনারা তাকে ধারণ করেছেন। তার মৃত্যুর পর আপনাদের বুকের মধ্যে শায়িত করেছি। ২২ বছর ধরে তার হত্যার বিচার চাই। বিচার না হলে আরও বড় বড় বিষয় অনুদ্‌ঘাটিত থেকে যাবে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা সালমান ভক্তদের আজ একটিই চাওয়া, সালমান হত্যার বিচার হোক।’

গতকাল বুধবার অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ২১তম মৃত্যুবার্ষিকীতে এমন আকুতি প্রকাশ করেছেন তাঁর মা নীলা চৌধুরী। ২১ বছর পর সালমান শাহর মৃত্যু ‘হত্যাকাণ্ড’ হিসেবে আবার আলোচনায় আসায় এবার সিলেটে মৃত্যুবার্ষিকী উদ্‌যাপনে শোকের চেয়ে ক্ষোভ ছিল বেশি। ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট’ নামে ভক্তদের সংগঠনের ব্যানারে গতকাল মৃত্যুবার্ষিকী উদ্‌যাপনে বিশেষ কর্মসূচিও গ্রহণ করা হয়। এ কর্মসূচির মধ্যে ছিল সকালে কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও বিকেলে সিলেট নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল। দিনভর কর্মসূচিতে সালমান শাহর মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুমসহ পরিবারের সদস্যরা একাত্ম হয়েছিলেন।

বিকেলে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সালমান স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি শারুখ বিপ্লবের সভাপতিত্বে ও সালমান শাহ অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি জহির চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নীলা চৌধুরী।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। ঢাকায় নিজের ফ্ল্যাটে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনাকে আত্মহত্যা বলা হলেও সালমানের মায়ের দাবি, এটি হত্যাকাণ্ড। ঘটনাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্প্রতি প্রবাস থেকে মামলার এক আসামি সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে বক্তব্য দেওয়ায় ঘটনাটি ফের আলোচনায় আসে। সালমান শাহর জন্মস্থান সিলেট নগরের দাড়িয়াপাড়ায়। নানাবাড়িতে তাঁর জন্ম।