শোক-চিন্তায় দিশেহারা ফারুক হোসেনের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুকের পড়াশোনার জন্য তিন বিঘা জমির দুই বিঘাই বন্ধক রাখতে হয়েছিল। এর ওপর ব্যাংক থেকে নেওয়া হয় ৬৭ হাজার টাকা ঋণ। ফারুকের বাবার আশা ছিল, পড়াশোনা শেষে ছেলে চাকরি পেলে ঋণ শোধ করে দেবেন। কিন্তু হঠাত্ করে এলোমেলো হয়ে গেল সব। একদিকে ছেলে হারানোর শোক, অন্যদিকে ঋণের টাকা শোধের চিন্তা। সব মিলে দিশেহারা দরিদ্র এই পরিবারটি।জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের খোর্দ্দ সগুনা গ্রামের হতদরিদ্র ফজলুর রহমানের ছেলে ফারুক হোসেন। গত সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডারদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন তিনি। মেধাবী ফারুক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণী পেয়েছিলেন।গতকাল বুধবার ফারুকের বাড়িতে গিয়ে দেখা যায়, এখনো প্রতিবেশী ও স্বজনেরা ভিড় করে আছে ওই বাড়িতে। বাবা-মা ও দুই বোন নির্বাক। প্রতিবেশীরা সান্ত্বনা দিচ্ছে, নিচ্ছে খোঁজ-খবর।ফারুকের বাবা ফজলুর রহমান বিলাপ করে বলছিলেন, ছেলের উচ্চশিক্ষার জন্য গ্রামীণ ব্যাংকের দোগাছী শাখা থেকে তিনি ৭৭ হাজার টাকা শিক্ষাঋণ নিয়েছিলেন। তিন মাস পরপর পাঁচ হাজার টাকা করে এ পর্যন্ত ৬৭ হাজার টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে। বাকি আছে ১০ হাজার টাকা। এরই মধ্যে হারাতে হলো ছেলেকে।প্রতিবেশী দেওয়ান আবদুল হামিদ জানান, ফারুকের বাবা দরিদ্র। ঋণ শোধ করার সামর্থ্য তাঁর নেই। সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে পরিবারটির উপকার হতো।গতকাল গ্রামীণ ব্যাংক নওগাঁ অঞ্চলের ব্যবস্থাপক আবদুল ওহাব ও দোগাছী শাখার ব্যবস্থাপক অমল চন্দ্র হালদার ফারুকের বাবা-মাকে সান্ত্বনা দিতে যান। এ সময় ঋণ মওকুফের জন্য ব্যাংক কর্মকর্তাদের কাছে অনুরোধ করে প্রতিবেশীরা।আবদুল ওহাব জানান, ফারুকের মতো মেধাবী ছাত্রের লেখাপড়া যেন বন্ধ না হয় এ জন্য তাঁরা ঋণ দিয়েছিলেন। গ্রামীণ ব্যাংকের নিয়ম অনুসারে ঋণ মওকুফ করা যায় কি না, তা নিয়ে তিনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। দোগাছী শাখার ব্যবস্থাপক অমল চন্দ্র হালদার জানান, ফারুকের বোন ফারজানা বেগম উচ্চমাধ্যমিক পাস করলে তাঁর জন্য একটি চাকরির ব্যবস্থা করার চেষ্টা করবে গ্রামীণ ব্যাংক।ছাত্রলীগের বিক্ষোভ: ফারুক হত্যার প্রতিবাদে জয়পুরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে শোকসভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী। সভায় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা বক্তব্য দেন।