শোক দিবস উপলক্ষে আ.লীগের তিন দিনের কর্মসূচি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে।কর্মসূচির শুরুতেই ১৪ আগস্ট সকাল সাড়ে ছয়টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও মন্ত্রিপরিষদের সদস্যরা বঙ্গবন্ধু ভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধিতে তাঁরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। এরপর সেখানে দিনভর ফাতেহা পাঠ, কোরআনখানি ও মিলাদ মাহফিল হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় অবস্থান করে শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্ল্যাহ, কাজী আকরাম উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা কর্মসূচি পালন করবেন।১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলের সর্বস্তরের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকা মহানগর শাখা ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তপক অর্পণ করা হবে। বাদ আসর দেশের সব ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় দলের পক্ষ থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বনানী কবরস্থানে ১৫ আগস্ট শহীদদের স্মরণে শ্রাদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।১৬ আগস্ট বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।