'শোক দিবস নিয়ে চাঁদাবাজি করবেন না'
শোক দিবস পালনে চাঁদাবাজি না করতে যুবলীগের দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘শোক দিবস করতে বেশি পয়সা লাগে না। নিজেদের মধ্যে চাঁদা তুলে, নিজেদের মধ্যেই শোক দিবসের অনুষ্ঠান করবেন। কারও থেকে চাঁদা চাইবেন না। এটা আমার বিশেষ অনুরোধ।’
ওবায়দুল কাদের বলেন, ‘চাঁদাবাজি করে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করবেন না। বঙ্গবন্ধুর ১৫ আগস্টের শোকের প্রতি আমরা সম্মান করব। বঙ্গবন্ধুর মর্যাদা আমরা অক্ষুণ্ন রাখব। যাঁরা রাজনীতি করবেন, তাঁরা সত্যিকারের দেশপ্রেমের জন্য রাজনীতি করবেন, হালুয়া-রুটির জন্য রাজনীতি করবেন না। ক্ষমতা শেয়ার করার জন্য রাজনীতি করবেন না। ত্যাগের জন্য রাজনীতি করবেন।’
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন নিয়ে বিচলিত নই। বিএনপির আন্দোলন নিয়ে ভয়-আতঙ্কের কোনো কারণ নেই। যত গর্জে তত বর্ষে না। পথিক যেমন পথ হারায়, বিএনপির আন্দোলন পথ হারিয়ে আজ দিশেহারা। বিএনপির আন্দোলন হতাশার অতল গভীরে নিমজ্জিত। তাদের আন্দোলন চোরাবালিতে হারিয়ে গেছে।’
সুসজ্জিত মিথ্যার চেয়ে ন্যাড়া সত্য অনেক ভালো বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশের অনেক রাজনৈতিক সুসজ্জিত মিথ্যা বলেন। বিএনপি সুসজ্জিত মিথ্যা বলছে। তারা সুসজ্জিত মিথ্যা থেকে বের হতে না পারলে তাদের আন্দোলন হতাশায় নিমজ্জিত হবে।’ তিনি বলেন, যত বাধাই আসুক রাজনীতি দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মোকাবিলা করা হবে।
শেখ কামাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে অনেক তরুণ দেখেছি, কিন্তু তাঁর মতো এমন মেধাবী তরুণ আর দেখিনি। শেখ মুজিবুর রহমান জাতির রোল মডেল আর শেখ কামাল হলেন তরুণদের প্রতীক। ৪৩ বছর ধরে তন্ন তন্ন করে কেউ শেখ কামালের নামে কোনো ব্যাংক ব্যালান্স খুঁজে বের করতে পারেনি বলে দাবি করেন তিনি।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান, মাহবুবুর রহমান, যুবলীগ উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান প্রমুখ।