শোক দিবস পালন কমিটির সদস্য-সচিব সাবেক শিবির নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামানকে সদস্য-সচিব করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের কমিটি করায় শিক্ষার্থীরা অনুষ্ঠান বয়কট করেছেন। কামরুজ্জামান ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবাদে আজ মঙ্গলবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৃথক কর্মসূচি পালন করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচি সফল করতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এক সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামানকে সদস্য-সচিব করে আহ্বায়ক কমিটি করা হয়। তবে কামরুজ্জামান রাজশাহী বিশ্ব-বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হল শাখা ছাত্রশিবিরের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।সে সময় মতিহার হল শাখা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালনকারী বিপ্লব বলেন, ‘কামরুজ্জামান ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার হল শাখার আহ্বায়ক ছিলেন। একজন স্বাধীনতাবিরোধীকে জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানের সদস্য-সচিব করা দুঃখজনক।’ মতিহার হল শাখা ছাত্রলীগের ত ৎ কালীন সভাপতি বিজয় কুমার বলেন, ‘সে সময় কামরুজ্জামানের অত্যাচারে বহু ছাত্রলীগ নেতা মতিহার হলে থাকতে পারতেন না।’এদিকে প্রক্টরকে বাদ দিয়ে অন্য কাউকে সদস্য-সচিব করার দাবিতে শিক্ষার্থীরা গতকাল বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কিন্তু কর্তৃপক্ষ এতে কর্ণপাত না করায় শিক্ষার্থীরা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফ্ফর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রম্য বলেন, ‘কামরুজ্জামান শিবিরের নেতা ছিলেন কি না, তা জানা নেই। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেই দায়িত্ব পেয়েছেন।’ প্রক্টর কামরুজ্জামান বলেন, ‘আমি কোনোদিনই ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিলাম না। কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন।’