শোক দিবস পালনের নির্দেশ আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গত ২৯ জুলাই সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে হবে। কিন্তু গতকাল বৃহস্পতিবার দেশের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন।জানা যায়, ছুটি ঘোষণার পর ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে বলার সুযোগ থাকছে না। আর তারা না এলে জাতীয় শোক দিবস কীভাবে পালন করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হবে জাতীয় শোক দিবস পালনের পরদিন ১৬ আগস্ট থেকে।রাজধানীর একাধিক স্কুল-কলেজের প্রধান জানিয়েছেন, সরকারের নির্দেশে জাতীয় শোক দিবস শিক্ষাপ্রতিষ্ঠানে পালনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে পরিস্থিতি এক রকম, বন্ধ থাকলে আরেক রকম। প্রতিষ্ঠান বন্ধ থাকলে কাউকে আসতে বাধ্য করা যাবে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত ২৯ জুলাই তথ্য বিবরণীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগে থেকেই রয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা আছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্বাধীনতা দিবস, ভাষাশহীদ দিবস, বিজয় দিবস, জাতীয় শোক দিবসসহ জাতীয় বিভিন্ন দিবসে কর্মসূচি পালন করতে হবে।জানা যায়, কাল শনিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরদিন রোববার জাতীয় শোক দিবস। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এক দিন পর ছুটি ঘোষণা করলে এই দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতো না।সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত নিয়েই শনিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রধানমন্ত্রীর মনোভাব ছিল, কেউ চাইলে দিবসটি পালনে বাধা নেই। তাই শোক দিবসের কারণে ছুটি দুই দিন পিছিয়ে ১৬ আগস্ট থেকে ছুটি দেওয়ার বিষয়ে মত দেননি প্রধানমন্ত্রী।এদিকে গত ২৯ জুলাইয়ের তথ্য বিবরণীতে বলা হয়েছে, ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে এবং শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করতে হবে। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে বলা হয়েছে।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব পরিকল্পনা অনুযায়ী জাতীয় শোক দিবস পালন করবে। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় শোক দিবসের কর্মসূচিতে খুব একটা প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না।রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, স্কুল বন্ধ থাকলে বাধ্যবাধকতা থাকে না। তবে স্বতঃস্ফূর্তভাবে অনেকেই আসবে। তিনি বলেন, তাঁর প্রতিষ্ঠানে আগে থেকে নেওয়া কর্মসূচি অনুযায়ী আলোচনা সভা হবে।