শোক দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি করলে ব্যবস্থা : কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের । ফাইল ছবি
ওবায়দুল কাদের । ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার গাজীপুরের কালীগঞ্জের আবদুল্লাহপুর-তেরমুখ-উলুখোলা সড়ক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফিতা কেটে ওই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করে আরও বলেন, ‘কিছু মানুষ আছে একটি উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির ঘটনা রোধে আমাদের প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট হয়, এমন কোনো কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘সড়কটি নির্মাণের ফলে আবদুল্লাহপুর থেকে নরসিংদী পর্যন্ত শক্তিশালী যোগাযোগব্যবস্থা আরও সুনিশ্চিত হয়েছে। বাস র‍্যাপিট ট্রানজিট চালু হলে আমাদের বিকল্প রাস্তার প্রয়োজন হবে। এই রাস্তাটি তখন বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২ কিলোমিটার এই সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।