শোক দিবসে কারখানা খোলা রাখায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে গতকাল সোমবার (১৫ আগস্ট) কারখানা খোলা রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন আশুলিয়ার কবিরপুর এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা কারখানার সামনে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানাটি ছুটি ঘোষণা করে। আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের বিবরণ অনুযায়ী, এজেডএম স্টাইলওয়্যার নামের কারখানার শ্রমিকেরা গত রোববার কারখানার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার কারখানাটি বন্ধ রাখার দাবি জানান। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি উপেক্ষা করে শোক দিবসে কারখানা খোলা রাখার সিদ্ধান্তে অটল থাকে। এ সময় কয়েকজন শ্রমিক এর প্রতিবাদ করলে কারখানা কর্তৃপক্ষ তাঁদের লাঞ্ছিত করে কারখানা থেকে বের করে দেয়। গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানার ভেতরে না ঢুকে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে আটটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে কবিরপুর-বাইদগাঁও সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সকাল নয়টার দিকে শ্রমিকেরা ওই সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ সকাল সাড়ে নয়টায় ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকেরা কারখানা ছুটি ঘোষণা ছাড়া বিক্ষোভ বন্ধ না করার ঘোষণা দেন। পরে পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাড়ি চলে যান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, প্রতিবছর জাতীয় শোক দিবসে আশপাশের সব কারখানা বন্ধ রাখা হলেও তাঁদের কারখানাটি খোলা রাখা হয়। এবারও তাঁরা কারখানাটি বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন। কর্তৃপক্ষ দাবি না মানায় তাঁরা আন্দোলনের পথ বেছে নেন। যোগাযোগ করা হলে ওই কারখানার এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী কারও মৃত্যু দিবসে কারখানা বন্ধ রাখা হয় না। অন্যান্য সব সরকারি ছুটি ভোগ করার সুযোগ শ্রমিকদের দেওয়া হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, জাতীয় শোক দিবসে আশপাশের সব কারখানা বন্ধ রাখা হলেও ওই কারখানাটি বন্ধ রাখা হয় না বলে কয়েকজন কর্মকর্তা তাঁকে নিশ্চিত করেছেন। পরে তাঁদের চাপের মুখে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।