শোক দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ভবন ও হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় উপাচার্যের বাসভবনে জমায়েত হয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাবেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও ক্যাফেটেরিয়ায় চারুকলা অনুষদের উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ‘মানচিত্রে রক্তের ফোয়ারা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ ছাড়া জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদ, হল ও আবাসিক এলাকার মসজিদগুলোতে দোয়া মাহফিল এবং অন্য উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা হবে। সকাল সাড়ে সাতটায় জগন্নাথ হলের উপাসনালয়ে প্রার্থনা সভা হবে।