মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হয়নি। গতকাল সোমবার উপজেলার ধল্লা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে এই অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
দলীয় সূত্রে জানা গেছে, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শফিউলের অনুসারী নেতা-কর্মীরা কোথাও কোনো দলীয় কর্মসূচির আয়োজন করলে সাংসদ মমতাজের সমর্থক নেতা-কর্মীরা এতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছেন। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে চরম বিরোধ চলছে। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলা ও মারধরের ঘটনাও ঘটেছে।
দলের একাধিক নেতা জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে ধল্লা ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে শোকসভার আয়োজন করা হয়। স্থানীয় আজিমুদ্দিন স্মৃতি সংঘ এর আয়োজন করে। এতে শফিউল আরেফিনকে প্রধান অতিথি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমানসহ আরও কয়েকজনকে অতিথি করা হয়। রোববার সকাল থেকে ওই মাঠের এক পাশে মঞ্চ তৈরির কাজ শুরু করা হয়। এদিকে একই দিন ওই মাঠে সাংসদ মমতাজ বেগমের অনুসারী ধল্লা ইউনিয়নের স্থানীয় নেতা-কর্মীরা পাল্টা শোকসভার আয়োজন করেন। তাঁরা মাঠের অন্য প্রান্তে আরেকটি মঞ্চ তৈরির কাজ শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শফিউল আরেফিনের সমর্থক তিনজন নেতা-কর্মীকে আটক করে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ উভয় পক্ষকে ওই স্থানে অনুষ্ঠান না করতে অনুরোধ করে। এতে গতকালের পূর্বনির্ধারিত অনুষ্ঠান আর হয়নি। বিকেলে আটক তিনজনকে পুলিশ ছেড়ে দেয়।
আজিমুদ্দিন স্মৃতি সংঘের সভাপতি গোলাম দাউদ বলেন, ‘আমরা রাজনৈতিক কোনো বিভেদ বুঝি না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে শোকসভার আয়োজন করা হয়েছিল। তবে দুই পক্ষের বিরোধের কারণে অনুষ্ঠানটি করা যায়নি।’
তবে এ বিষয়ে আওয়ামী লীগের নেতা শফিউল আরেফিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমার টেকনিক্যাল (কৌশলগত) সমস্যা রয়েছে।’
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান বলেন, সাংসদকে প্রধান অতিথি না করায় ওই অনুষ্ঠানটি হয়নি। তাঁর নির্দেশে পুলিশ স্থানীয় যুবলীগের দুজনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এসব অভিযোগের বিষয়ে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংসদ মমতাজ বেগমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মাসরুক হাসান বলেন, ‘আমি ম্যাডামের কাছে নেই। তাঁর সঙ্গে যোগাযোগ করুন।’
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, কারও নির্দেশে নয়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।