শোক দিবসের অনুষ্ঠানে যাওয়া হলো না ইভার
শিশু ইভা আক্তার (৬)। বাড়ির কাছাকাছি একটি বিদ্যালয়ে আয়োজন করা জাতীয় শোক দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য সকাল থেকেই ব্যাকুল হয়ে পড়েছিল। কাউকে কিছু না বলে বাড়ির সামনের সড়ক পার হয়ে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের চাপায় নিহত হয় ইভা।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের ছালুয়াপাড়া মসজিদের কাছে গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে। নিহত ইভা নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বিরাশি গ্রামের প্রবাসী মুখলেছ মিয়ার মেয়ে।
শিশুটির চাচা মো. জালাল উদ্দিন মল্লিক বলেন, ইভা সকাল থেকেই বায়না ধরেছিল শোক দিবসের অনুষ্ঠানে যাবে বলে। বাড়ির অদূরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তেঁতুলিয়া উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের আঙিনায় তখন জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলছিল। মাইকে বাজছিল বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ। অনুষ্ঠানে যাওয়ার জন্য শিশুটি সবার অলক্ষ্যে একাই বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় ছালুয়াপাড়া মসজিদের কাছে সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী ইজিবাইকের চাপায় ঘটনাস্থলে নিহত হয় ইভা। এই সড়কের পাশেই তেঁতুলিয়া উচ্চবিদ্যালয়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ঘটনা জানার পর সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়। গতকাল সোমবার বিকেলে ইভাকে নিজ বাড়ির গোরস্থানে দাফন করা হয়েছে।