শোক দিবসের কর্মসূচি
জাতীয় শোক দিবসে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সঙ্গে নিয়ে পালনের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।আজ সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হচ্ছে। এ ছাড়া সকাল সাতটায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং নগরের প্রতিটি শাখা বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে। কাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ আওয়ামী লীগসহ যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, কেন্দ্রীয় কমিটি, জননেত্রী পরিষদ, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, ডিপিডিসি শ্রমিক লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি, সোনার বাংলা যুবপরিষদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। গণফোরাম সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে।ঢাকা বিশ্ববিদ্যালয় আজ সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন বেলা ১১টায় মহাখালীর অবকাশ হোটেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলা একাডেমীতে বিকেল চারটায় একাডেমীর নজরুল মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে সকাল ১০টায় আলোচনা সভা, শিশুদের উপস্থিত রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী শিল্পকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী চলছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। জাতীয় জাদুঘর ও নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে কাল পর্যন্ত এই প্রদর্শনী চলবে। বাংলাদেশ কৃষি ব্যাংক বেলা তিনটায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে সকাল আটটা থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে মুসল্লি, গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী তোপখানায় কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল পাঁচটায় এবং কেন্দ্রীয় কচিকাঁচার মেলা বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করেছে। ঢাকা আর্ট সেন্টার আজ থেকে তিন দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রতিকৃতিবিষয়ক ‘চিরদিনের বঙ্গবন্ধু’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধন করেছে। লোকনাট্যদলের পরিচালনায় মুজিব মানে মুক্তি জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে বিকেল চারটায় মঞ্চস্থ হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে।বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ বেলা সাড়ে তিনটায়, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা আজ দুপুর ১২টায় বনানীতে, ক্যামব্রিয়ান কলেজ সকাল ১০টায় বারিধারায় প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট বিকেল চারটায় আলোচনা সভার আয়োজন করেছে।শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির এক প্রার্থনা সভার আয়োজন করেছে। এ ছাড়া কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা ক্লাব লিমিটেড, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, বাংলাদেশ কর্মসংস্থান সংস্থা, বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন—সিবিএ এবং ঢাকা সড়ক পরিবহন সমিতি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।সরকারি কর্মসূচি: আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।