শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। সারা দেশের মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। জাতীয় প্রেসক্লাবে সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সঙ্গে সংগতি রেখে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিকেল পাঁচটায় মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ-উত্তর, মহিলা আওয়ামী লীগ, মিরপুর ও কাফরুল থানা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু কৃষি পরিষদ, বাংলাদেশ ব্যাংক, অফিসার্স ক্লাব ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মহিলাবিষয়ক অধিদপ্তর ও বায়রা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। এর মধ্যে রয়েছে সকাল সাতটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টা থেকে রাত পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর ওপর ‘উদিত সূর্য’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শন।