শোক দিবসের সভায় স্বাচিপ নেতাদের কথা-কাটাকাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনায় চিকিত্সকদের হাজিরা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সামনেই বিতর্কে জড়িয়ে পড়েন চিকিত্সক নেতারা। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের শহীদ শামুসল আলম খান মিলনায়তনে এ ঘটনা ঘটে।
বিতর্কের সূত্রপাত করেন সাংসদ হাবিবে মিল্লাত। তিনি শ্লেষের সঙ্গে বলেন, ‘দুঃখ লাগে আজকে ঢাকা মেডিকেল কলেজের এই শোক দিবসের অনুষ্ঠানে দেড় শ জন চিকিত্সক আছেন কি না সন্দেহ। অথচ ঢাকা শহরে স্বাচিপের ২০টি শাখা আছে।’
উপস্থিতি নিয়ে সমালোচনার মুখে স্বাচিপের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘উপস্থিতি আরেকটু বেশি হলে ভালো হতো। ঝড়-বৃষ্টির জন্য অনেকে আসতে পারেননি।’
আরও পরে বক্তব্য রাখার কথা থাকলেও সাতক্ষীরায় যাওয়ার কথা বলে রুহুল হক আগে বক্তব্য দেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে তাঁকে সাতক্ষীরা যেতেই হবে। প্লেনের টিকিট কাটা আছে।
এ সময় মঞ্চের সামনের সারিতে বসে থাকা স্বাচিপ নেতাদের অনেককেই মুখ টিপে হাসতে দেখা যায়।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া (ডাবলু) বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের ঐক্য থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন।
পুরো অনুষ্ঠানে সমালোচনার কোনো জবাব দেননি স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলান। তিনি সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারণ, লালন ও প্রস্ফূটিত করার আহ্বান জানান। তবে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘হাবিবে মিল্লাত শরীরে হঠাত্ গজিয়ে ওঠা একটা অর্গানের (অঙ্গ) মতো। ওর কথার উত্তর প্রাণ গোপাল দত্ত দিয়ে দিয়েছেন।’
তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন মহত্ কিছু অর্জনের জন্য মহান কিছু ত্যাগ করা প্রয়োজন। সবাইকে এই ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য অডিটোরিয়ামে এর চেয়ে বেশি সৈনিকের দরকার নেই।’
নেতারা যখন একজন অন্যজনকে খোঁচা দিয়ে কথা বলছিলেন তখন চিকিত্সকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘অডিটোরিয়াম তো ছাত্রলীগের ছেলেরা ভরে রেখেছে। চিকিত্সক তো নেই-ই। অনেকদিন ধরে সংগঠনের কাউন্সিল না হওয়ায় এ অবস্থা। কেউ কারও কথা মানতে চায় না।’
হাবিবে মিল্লাত প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের জামাতা। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এ দফায় ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়। তিনি ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন।
‘নির্বাচন না হলে মার্শাল ল হতো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে ‘মার্শাল ল’ হত। কেউ তখন আর কাজ করতে পারত না।
নাসিম প্রশ্ন তোলেন, ‘সংবিধানের কোথায় লেখা আছে যে কত পার্সেন্ট ভোট না পড়লে ভোট হবে না?’ তিনি আরও বলেন, ‘বিএনপি কি বলল তাতে কিছু আসে যায় না। আমরা কাজ করে যাব। ২০১৯ সালের নির্বাচনের জনগণ যদি রায় দেয় আবার সরকার গঠন করব।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অ্যাড হক চিকিত্সক যাঁরা দু বছর গ্রামে থেকেছেন, তাঁদের গ্রাম থেকে নিয়ে আসা হবে। তাদের জায়গায় নতুন নিয়োগ পাওয়া ৬২৫১জন দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ।