শোক পালন করল জাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভয়াবহ ভবনধসে বিপুলসংখ্যক মানুষ হতাহতের ঘটনায় গতকাল বৃহস্পতিবার শোক পালন করেছে জাতি। বুধবার এ ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকার।গতকাল সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সরকারি সূত্রগুলো জানিয়েছে, বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ বিভিন্ন অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ পরে অফিস করতে দেখা যায়। সবার মুখেই ছিল সাভারের মর্মান্তিক দুর্ঘটনার কথা। নিজেদের মধ্যে আলাপচারিতায় অনেকেই দোষী সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রাষ্ট্রীয় শোক উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। গত বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ডের কাছের বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। গতকাল বিকেল পর্যন্ত নিশ্চিতভাবে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। আরও বহু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন। এ জন্য উদ্ধারকাজ চলছে।