বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে সারা দেশে বিএনপির পাঁচ দিনের শোক কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপি আনন্দ-উল্লাস করে পৌরসভার নবনির্বাচিত মেয়র শফিকুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে। গতকাল শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারাব পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে ও নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের অতিথিকে ফুলের তোড়া দেওয়াকে কেন্দ্র করে যুবদলের জাকির পক্ষ ও সুমন পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন আহত হয়। পরে স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটি পাঁচ দিনের শোক কর্মসূচি ঘোষণা করলেও রূপগঞ্জ থানা বিএনপির আনন্দ-উল্লাসে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তারাব পৌর বিএনপির কয়েকজন নেতা বলেন, দলীয় মহাসচিবের মৃত্যুতে কেন্দ্র থেকে যখন শোক পালন করা হচ্ছে তখন নাচ-গান করে সংবর্ধনার আয়োজন করা মোটেও উচিত হয়নি।