শোক শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিচার বিভাগ, জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন দোয়া মাহফিল, আলোচনা সভা, কাঙালিভোজের মাধ্যমে দিবসটি পালন করে। সকালে ময়মনসিংহ শহরের শিববাড়ী সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ধর্মমন্ত্রী মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ ছাড়া ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হকের উদ্যোগে ময়মনসিংহ পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে দোয়া মাহফিল, আলোচনা ও ভোজের আয়োজন করা হয়।
সিলেটে সকাল ১০টায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কাঙালিভোজের আয়োজন করা হয়। এ ছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য গোলাম শাহি আলমের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়।
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, পৌর মেয়র জামিলুর রহমান প্রমুখ অংশ নেন।
শেরপুরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করাসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, প্রামাণ্য ও আলোকচিত্র প্রদর্শন, মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, শিশুদের আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গণভোজের আয়োজন করা হয়। শেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান, জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
নেত্রকোনায় জেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবস পালন করে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, উদীচী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতের শ্রদ্ধা নিবেদন, শোক শোভাযাত্রা, আলোচনা, রক্তদানসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন দিবসটি পালন করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র্যালি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কাঙালিভোজের মধ্য দিয়ে কুমিল্লায় শোক দিবস পালিত হয়েছে। সকালে কুমিল্লা নগরের রামঘাট দলীয় কার্যালয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আ ক ম বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক আরফানুল হক।
ব্রাহ্মণবাড়িয়ায় সকাল নয়টার দিকে শোক র্যালি বের করে জেলা প্রশাসন। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ অংশ নেন।
মৌলভীবাজারে সকালে জেলা অওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, পৌরসভা, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল প্রমুখ।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও তাঁর পরিবারের সুখ-শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ও হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।