শোক স্মৃতি এখনো ঘরে ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে এ দ্বীপের ১৭ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। জলোচ্ছ্বাসে সুতরিয়াপাড়া গ্রামের সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ১৯ বছর পরও অবস্থা সেই তিমিরে রয়ে গেছে। এখনো দ্বীপের চতুর্দিকে ১৫ কিলোমিটার বেড়িবাঁধ খোলা। এখন যদি আরেকটা ঘূর্ণিঝড় হয়, তাহলে দ্বীপে বসবাসকারী ৪০ হাজার মানুষকে খুঁজে পাওয়া যাবে না। গতকাল বুধবার বিকেলে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার বিচ্ছিন্ন ধলঘাটা ইউনিয়নের সুতরিয়াপাড়ার লবণচাষি কেরামত উল্লাহ (৫৬)। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৯ এপ্রিলের মধ্যরাতে আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, আনোয়ারা, বাঁশখালীসহ দেশের ১৫টি উপকূলীয় জেলার ২০টি উপজেলার ২৫৭টি ইউনিয়ন। ২২৫ কিলোমিটার গতিবেগসম্পন্ন ও ৩৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে উপকূল রূপ নেয় বিরানভূমিতে। এ সময় মারা যায় এক লাখ ৬০ হাজার (সরকারি হিসাবে এক লাখ ৩৮ হাজার) মানুষ। ক্ষতি হয় প্রায় চার হাজার কোটি টাকার সম্পদ।