কারণ দর্শানোর নোটিশ পাবেন প্রকল্প পরিচালকেরা
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলোর মূল্যায়ন (পরিবীক্ষণ) প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অধিকাংশ প্রকল্প পরিচালক (পিডি) উপস্থিত না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। একই সঙ্গে তিনি অনুপস্থিত পিডিদের আগামীকালের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও সচিবের এ অবস্থানকে সমর্থন করে বক্তৃতা দেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ১৩টি প্রকল্পের চলতি বছরের জানুয়ারি-জুনের পরিবীক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী কোনো কোনো প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক এবং কোনো কোনটির অগ্রগতি অসন্তোষজনক বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদারক ও মূল্যায়ন শাখা।
খোঁজ নিয়ে জানা যায়, ১৩টি প্রকল্পের মধ্যে অনুষ্ঠানে মাত্র চারজন পিডি উপস্থিত ছিলেন। অন্যরা আসেননি।
আলোচনা পর্বে প্রথমে অধিকাংশ পিডিদের অনুপস্থিতির প্রসঙ্গটি তোলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহিউদ্দীন খান। এরপর সচিব সোহরাব হোসাইন বক্তৃতা দেওয়ার শুরুতেই মাউশিকে উদ্দেশ করে বলেন, অনুষ্ঠানে পিডিরা নেই কেন? যদি পিডিরা না থাকেন, তাহলে এ অনুষ্ঠানের কোনো মানে হয় না। বিধি অনুযায়ী তাঁদের শোকজ করেন। কেন তাঁরা আমন্ত্রণ পেয়েও আসলেন না? শুধু রঙিন করে অনুষ্ঠান করা, যাদের জন্য অনুষ্ঠান, তাঁরা না থাকলে তা লোক দেখানো ছাড়া কিছুই নয়। বিষয়টি হালকাভাবে নিলে উদ্দেশ্য ব্যাহত হবে।
পরে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সচিব যা বলেছেন, তা ঠিকই আছে। এবারের অভিজ্ঞতা গুরুত্বের সঙ্গে নিতে হবে।