শোকজের জবাব দিতে সময় নিলেন সিআইডি পরিদর্শক
চট্টগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে সোনা চোরাচালান মামলার এক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় আদালতের শোকজের জবাব দিতে সময় নিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের মিতশ্রী বড়ুয়া নামের এক পরিদর্শক।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে ২৪ নভেম্বর দিন ধার্য রাখেন।
গতকাল আদালত প্রাঙ্গণে মিতশ্রী বড়ুয়া প্রথম আলোকে বলেন, রিমান্ড স্থগিত হওয়ার আদেশটি তাঁর হাতে না পৌঁছায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন। এ বিষয়ে আদালত তাঁকে কারণ ব্যাখ্যা করতে বললে তার জবাব দিতে সময়ের প্রার্থনা করা হলে আদালত তা মঞ্জুর করেছেন।
গত বুধবার মিতশ্রী বড়ুয়াকে শোকজ করেন জেলা ও দায়রা জজ। লোহাগাড়া থানার সোনা চোরাচালানের মামলার আসামি সুজন ধরকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ১২ নভেম্বর। এ রিমান্ড আদেশ স্থগিত রাখতে আসামির পক্ষে রিভিশন মামলা করা হলে ১৭ নভেম্বর তা স্থগিতের আদেশ দেন জেলা ও দায়রা জজ। কিন্তু তার পরও ১৮ নভেম্বর বিকেলে আসামিকে কারাগার থেকে নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেন পরিদর্শক মিতশ্রী বড়ুয়া।
গত ১৭ জুলাই সুজন ধরকে ১০টি সোনার বারসহ আটক করে লোহাগাড়া থানা পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।