
জেল হত্যা দিবস উপলক্ষে আগামীকাল ৩ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এই শোকসভা নির্বাচনী সভায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ নির্মাণ ও সার্বিক নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য তুলে ধরেন হানিফ। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন যেহেতু খুব সন্নিকটে, তাই এটি শোকসভা হলেও প্রতিবাদ সভায় রূপান্তরিত হবে। লাখো মানুষ এসে বিরোধী দল দেশব্যাপী যে নাশকতা করেছে, তার প্রতিবাদ জানাবে।’
বিরোধী দলের মোকাবিলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নামলে গৃহযুদ্ধ বাধবে—মন্তব্য করে হানিফ বলেন, ‘কেউ নাশকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আমরা তাদের মোকাবিলা করতে গেলে তো সিভিল ওয়ারের (গৃহযুদ্ধ) সৃষ্টি হবে। তবে জনগণের মৌলিক অধিকার হরণ হলে কেউ তার জায়গায় বসে থাকবে না।’ এদিকে আগামীকালের জনসভা সফল করতে রাজধানীর মোহাম্মদপুর, রমনা, সবুজবাগ, শ্যামপুর, তেজগাঁও, কামারাঙ্গীরচর, কোতোয়ালি, সূত্রাপুর, ডেমরা, শ্যামপুর, বাড্ডা, মতিঝিল, গুলশান, বিমানবন্দর, তুরাগ, মিরপুর, ক্যান্টনমেন্ট, পল্লবী, কাফরুল, খিলগাঁও, কদমতলী ও উত্তর খান থানা এলাকায় থানায় কর্মিসভা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এসব কর্মিসভায় স্থানীয় সাংসদ, থানা সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
মহানগরের নেতারা জানান, ঢাকা মহানগরের ১৫টি নির্বাচনী এলাকা, ১০০টি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে অর্থাত্ একদিকে পল্টন থেকে মত্স্য ভবন হয়ে শাহবাগ, শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর, প্রেসক্লাব থেকে হাইকোর্ট হয়ে দোয়েল চত্বর পর্যন্ত লোকারণ্য করে ফেলবে। আর ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ থেকে আসা নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠে অবস্থান নেবেন। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে ৪২ ফুট বাই ৪০ ফুট আকারের মঞ্চ। মাঠের চতুর্দিকে তিন শতাধিক মাইক লাগানো হবে।
প্রাক-নির্বাচনী মহড়া হিসেবে আয়োজিত জনসভায় নির্বাচনী আবহ সৃষ্টি করতে জনসভায় শুধু নৌকা ও নৌকা প্রতীকসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের প্রার্থী হতে ইচ্ছুক বা দলীয় ও ব্যক্তির ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মহড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।