শোকসভায় নির্বাচনী মহড়া দিতে চায় ঢাকা মহানগর আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের শোকসভা। কিন্তু এই শোকসভা শেষমেশ নির্বাচনী মহড়ার রূপ পেতে যাচ্ছে। মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য। শোকসভাকে জনসভায় রূপ দিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রথম আলো ডটকমকে বলেছেন, ‘আশা করি, খুব ভালো একটা জনসভা হবে। কারণ, এমপিরা, থানা ও ওয়ার্ড নেতারা এ সভা নিয়ে বেশ সিরিয়াস।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাকে নির্বাচনী মহড়াও বলা যেতে পারে। 

ঢাকা মহানগর আওয়ামী লীগের সূত্র জানায়, সোহরাওয়ার্দী উদ্যানের কৃত্রিম হ্রদের দক্ষিণ পাড়ে পশ্চিমমুখী করে ৬০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। বেলা তিনটায় অনুষ্ঠেয় এ সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহানগরের কয়েকজন নেতা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা প্রার্থী হতে চান, তাঁরা এই সভায় তাঁদের নামের বিভিন্ন ব্যানার ও পোস্টার নিয়ে শোকসভায় হাজির হবেন। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এসে নিজেদের শক্তির প্রদর্শন করবেন। তাই শোকসভা হলেও মূলত নির্বাচনী মহাড়া চলবে।

আওয়ামী লীগের সূত্র জানায়, সভা সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি ও বর্ধিত সভা করেছেন দলের ঢাকা মহানগরের নেতারা। মহানগরের থানা, ওয়ার্ড ও ইউনিয়নেও সভা করা হয়েছে। কয়েকজন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা জানান, ছুটির দিন হওয়ায় এই জনসভায় সাধ্য অনুযায়ী লোকসমাগমের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তাঁরা প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা স্থানীয়ভাবে সভা করেছি। সেই অনুযায়ী কর্মী নিয়ে আগামীকালের সমাবেশে যাব।’

ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম প্রথম আলো ডটকমকে বলেন, ‘যেহেতু নির্বাচন আসন্ন, তাই আমাদের প্রস্তুতিও একটু বাড়তি। আমার এলাকা থেকে ১০ হাজার নেতা-কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে যাবে।’

ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা না চাইলেও আগামীকালের সভায় নির্বাচনী আমেজ থাকবে। কর্মীরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। আশা করি, সমাবেশ লোকে লোকারণ্য হবে।’