শোকসভায় জনতার ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সরাইল থানা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক এ কে এম ইকবাল আজাদ স্মরণে সভা হয়েছে। ওই সমিতির উদ্যোগে গতকাল শনিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শোকসভায় জনতার ঢল নামে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শ লোক বিক্ষোভ মিছিল নিয়ে সভায় উপস্থিত হন। শোকসভা শেষ পর্যন্ত প্রতিবাদ সভায় পরিণত হয়। সভায় বক্তারা ইকবাল আজাদের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।সরাইল থানা সমিতি ঢাকার যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ তফছিরের পরিচালনায় শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি খলিলুর রহমান। বক্তব্য দেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা, সিদ্দিকুর রহমান, কবি ওয়াহিদুর রহমান, মো. নূর মিয়া, মো. শাহজাহান মিয়া প্রমুখ। ইকবাল আজাদ যে জায়গায় খুন হয়েছেন, সেই স্থানটিকে ইকবাল চত্বর নামকরণের ঘোষণা দিয়েছেন সাংসদ জিয়াউল হক মৃধা। খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় উপজেলা সদরে মিছিল হয়। গত ২১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা সদরে দলীয় প্রতিপক্ষের হাতে খুন হন এ কে এম ইকবাল আজাদ। তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সহসভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক আবদুল জব্বার, যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফেজুল আসাদসহ ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এ পর্যন্ত পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করলে মূল আসামিরা গ্রেপ্তার হননি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।