১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ‘কটকা ট্র্যাজেডি দিবস’। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে স্থাপত্য ডিসিপ্লিনের নয়জন এবং বুয়েটের দুজনসহ মোট ১১ জন শিক্ষার্থী সমুদ্রগর্ভে ডুবে মারা যান।
দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহ সাজে। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার চত্বর হয়ে কটকা স্মৃতিস্তম্ভ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দুই পাশে সারিবদ্ধ গাছে কালো কাপড় দিয়ে তার ওপর ওই ১১ শিক্ষার্থীর নাম লেখা হয়। সকাল সাড়ে ১০টায় হাদী চত্বর থেকে উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে শুরু হয় শোকর্যালি।
পরে কটকা স্মৃতিস্তম্ভে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভিন্ন ডিসিপ্লিন ও ইনস্টিটিউটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ১ নম্বর একাডেমিক ভবনের সামনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মিলাদ, এতিমদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ, শোক সভা ও স্মৃতিচারণা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন এবং তথ্যচিত্র প্রদর্শন।