শোকার্ত পরিবেশে ভোটের লড়াই
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটযুদ্ধ চলছে শোকার্ত পরিবেশে। ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তানভিরুজ্জামানের অকাল মৃত্যুর পর এলাকার সাধারণ মানুষের মধ্যে এখনো শোক বিরাজ করছে। তিনি গত ২৮ এপ্রিল মারা যান।
এ উপজেলায় পঞ্চম দফায় ২৮ মে নির্বাচন হবে।
তানভিরুজ্জামান রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। চলমান ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান। কিন্তু উপজেলা আওয়ামী লীগের নেতারা তাঁর নাম কেন্দ্রে পাঠাননি। অবশেষে তিনি মনোনয়ন পেতে গত ২৫ এপ্রিল ঢাকায় গিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের পেছনে ধরনা দিয়েও ব্যর্থ হন। এ অবস্থায় বাড়িতে ফেরার উদ্যোগ নিলে সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ২৮ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
তানভিরুজ্জামানের বড় ভাই আবদুল্লাহ আল মামুন বলেন, তানভিরুজ্জামান গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২০০ ভোটে হেরে যান। এবার আওয়ামী লীগ তাঁকে শেষ পর্যন্ত মনোনয়ন দেয়নি। তাঁর অভিযোগ, মনোনয়নবঞ্চিত হয়ে তানভিরুজ্জামান হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।