শোকাহত শিক্ষার্থীদের মুখে শিক্ষক হত্যার বিচার দাবি
মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. জিন্নাত আলীর হত্যাকারীকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল রোববার নগরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এদিকে গতকাল জিন্নাত আলীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ ও পুলিশকে জানানোয় মুক্তিযোদ্ধা স্কুলশিক্ষক মো. জিন্নাত আলীকে (৫৮) কুপিয়ে হত্যা করে উত্ত্যক্তকারী ও তাঁর এক সহযোগী। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উত্ত্যক্তকারী রূপম দে ওরফে অনিকের (২৪) সহযোগী আরিফুর রহমান ওরফে মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জিন্নাত আলীর লাশ নগরের এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে এলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষকের লাশ দেখে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক, মুক্তিযোদ্ধা ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ জড়ো হন। দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মান ও জানাজা শেষে জিন্নাত আলীর লাশ বরিশাল মুসলিম কবরস্থানে দাফন করা হয়।এদিকে, জিন্নাত আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে।জিন্নাত আলী হত্যার বিচারের দাবিতে গতকাল কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই দাবিতে আজ সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা আধঘণ্টা পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।শিক্ষক হত্যার বিচার ও উত্ত্যক্তের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার শতাধিক শিক্ষক বেলা ১১টায় নগরের ফকিরবাড়ী শিক্ষক ভবন থেকে একটি মিছিল নিয়ে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যান।জিন্নাত আলী হত্যার ঘটনায় গত শনিবার রাতে তাঁর স্ত্রী শিরিন আক্তার রূপম দে ও আরিফুর রহমানকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।শিরিন আক্তার হত্যাকারীদের ফাঁসি দাবি করে গতকাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় যেন কোনো নিরপরাধ লোককে জড়ানো না হয়।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিদুজ্জামান বলেন, ‘মামলা হওয়ার আগেই আমরা হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছি। আসামি অবশ্যই ধরা পড়বে।’আসকের নিন্দা: মুক্তিযোদ্ধা ও স্কুলশিক্ষক জিন্নাত আলীকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।