শোকে আর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
বিনম৶ শ্রদ্ধা আর শোকের মধ্য দিয়ে দেশবাসী গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করেছেন। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রাজশাহী: গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ ও চিত্র প্রদর্শনী এবং সাড়ে ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।
দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে নগরের লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করেন জেলা আওয়ামী লীগের নেতারা। সকাল ১০টায় নগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ ছাড়া সেখানেই পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও ওয়ার্কার্স পার্টির নেতারা এবং রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম। এরপর একটি শোক র্যা লি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালোব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তাঁরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাতও করেন। পরে বিভিন্ন আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিল হয়।
সিরাজগঞ্জ: জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যা লি হয়েছে। পরে আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পৌর মেয়র আবদুর রউফ, আওয়ামী লীগ নেতা কে এম হোসেন আলী, মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিউল ইসলাম, জহুরুল হক প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, ইউএনও শামীম আহমেদ প্রমুখ।
নাটোর: জেলা প্রশাসনের উদ্যোগে জেলা গণগ্রন্থাগারে আলোচনা সভা, শিশুদের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এখানে নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরী বক্তব্য দেন। এ ছাড়া নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়, জেলা আওয়ামী লীগের কান্দিভিটার অস্থায়ী কার্যালয় ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে স্থানীয় সাংসদ আবদুল ওদুদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর শোক র্যা লি করে জেলা জজশিপ ও জেলা আইনজীবী সমিতির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন। এ ছাড়া জেলা প্রশাসক জাহিদুল ইসলামের নেতৃত্বে শহরে বের হওয়া শোক মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে হয় আলোচনা সভা।
নওগাঁ: সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস চত্বর থেকে একটি শোক র্যা লি বের হয়। এতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়।
সকাল সাড়ে ১০টায় শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে শোক র্যা লি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আবদুল মালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) সাধন চন্দ্র মজুমদার, জেলা যুবলীগের আহ্বায়ক খোদাদাদ খান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন সংগঠন শিশুদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
জেলার আত্রাই, রানীনগর, মান্দা, মহাদেবপুর, সাপাহার, পত্নীতলা, ধামইরহাট, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে শোক র্যা লি এবং আলোচনা সভা হয়। নওগাঁর আত্রাইয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে র্যা লি, আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাংসদ ইসরাফিল আলম।
জয়পুরহাট: জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে শোক র্যা লি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা পেশাজীবীর লোকজন। এ ছাড়া এবারই প্রথম জয়পুরহাট জজশিপ বিচারিক হাকিম ও জেলা আইনজীবী সমিতি দিবসটি উপলক্ষে শোক র্যা লি বের করে। পরে জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আবদুর রহিম। বক্তব্য দেন হাকিম ইসমত আরা, আবদুল মজিদ, খাজা জহুরুল হক, মোমিন আহম্মেদ চৌধুরী, নৃপেন্দ্রনাথ মণ্ডল, মোজাম্মেল হক সাখিদার, রেজাউল করিম প্রমুখ।
বগুড়া: সকালে জিলা স্কুল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় শোক পদযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে জিলা স্কুলে ফিরে এলে সেখানে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বক্তব্য দেন।
গুরুদাসপুর: উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যা লি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মী, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এসব অনুষ্ঠানে যোগ দেন।
দুপচাঁচিয়া: সকালে শোক র্যা লি, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক শোভাযাত্রার পর উপজেলা অডিটোরিয়ামে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকপাত করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোরশেদা খাতুন প্রমুখ।
{প্রতিবেদনটি তৈরিতে তথ্য পাঠিয়েছেন নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, গুরুদাসপুর (নাটোর), আদমদীঘি (বগুড়া), দুপচাঁচিয়া (বগুড়া) ও আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি}