শোকে কাঁদছে নাইমুলের গ্রাম
বগুড়ার কাহালু উপজেলায় স্কুলছাত্র নাইমুল ইসলামকে হত্যা করে লাশ ইটভাটায় পোড়ানোর ঘটনায় মঙ্গলবার রাতে আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল বুধবার কাহালুতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও শোকসভা করেছে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ইটভাটার মালিক আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), কাহালুর রোস্তমচাপড় গ্রামের আনিছার রহমান (৪৮), তাঁর ছেলে মোহামঞ্চদ আরিফ (১৮) এবং জাহিদুর রহমানের ছেলে শাকিল (১৮)। এর আগে আবদুল মান্নান ও শাহাদত হোসেন নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় নাইমুলের বাবা রফিকুল ইসলাম মঙ্গলবার ওই ছয়জনসহ ১০ জনের বিরুদ্ধে কাহালু থানায় হত্যা মামলা করেন। পলাতক আছেন জাকারিয়া, ডালিম ও জামালসহ চার আসামি।শোকে মুহ্যমান নাইমুলের পরিবার: গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কাহালুর রোস্তমচাপড় গ্রামে নাইমুলদের বাড়িতে গিয়ে দেখা যায় বেদনাবিধূর পরিবেশ। উঠানে বসেছিলেন তার বাবা-মা, বোনসহ আত্মীয়স্বজনেরা। মা আইভি আরা খানম মাঝেমধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তিন ভাইবোনের মধ্যে নাইমুল ছিল সবার ছোট। নাইমুলের বাবা রফিকুল ইসলাম বললেন, ‘অপহরণের টাকা দিয়েও ছেলেকে পেলাম না। ছেলের লাশও দেখতে পেলাম না।’নাইমুলের স্বপ্ন ছিল বড় হয়ে চিকিৎসক হবে। তাঁর অন্য দুই বোনও লেখাপড়ায় ভালো। কথা বলতেই নাইমুলের মা আইভি আরা খানম নাইমুলের হত্যাকারীদের ফাঁসি দাবি করেন। ‘ওরা মানুষ না জানোয়ার। একটা মানুষকে হত্যা করে পুড়িয়ে মারল। লাশটা পেলেও মনকে সান্ত্বনা দিতে পারতাম।’ বলেই কাঁদতে থাকেন।শোকার্ত বিদ্যালয়: কাহালু পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নাইমুলের ক্রমিক নম্বর ছিল ৫। গতকাল ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নাইমুল হত্যার প্রতিবাদে উড়ছে কালো পতাকা। শিক্ষার্থীদের বুকে কালো ব্যাজ। নাইমুলের স্মরণে বেলা সাড়ে ১০টায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামালউদ্দিন কবিরাজের সভাপতিত্বে হয় শোকসভা। আত্মার মাগফিরাত কামনা করে হয় দোয়া মাহফিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, নাইমুল হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার শেষ দিনে কাহালু রেলওয়ে বটতলায় প্রতিবাদ সভা হবে। হত্যাকাণ্ডের কারণ: নিহত নাইমুলের বাবা রফিকুল ইসলামের আছে ট্রাক পরিবহনের ব্যবসা। সেই সঙ্গে মাছের ব্যবসা ও জমিজমা থাকায় এলাকায় আছে পরিচিতি। বিষয়টি ভালো চোখে দেখতে পারেননি এলাকার আনিছার রহমান। নাইমুলকে অপহরণ করে হত্যার পেছনে ওই আনিছারের হাত রয়েছে বলে অভিযোগ করেন প্রতিবেশী ও কালাই রাজবাটি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমান। নাইমুলের ফুপু বিজলী বেগম বলেন, অপহরণের পর থেকে আনিছার বার বার তাঁর সঙ্গে যোগাযোগ করে বলেছে, ‘তোমার ভাইকে বলো টাকা জোগাড় করলেই ছেলেকে পাওয়া যাবে।’ রফিকুল ইসলাম বলেন, প্রায় ২৫ দিন আগে তাঁর বাড়ির পাশে অন্যজনের একটি জমি বিক্রি হয়। এ ক্ষেত্রে তিনি মধ্যস্থতা করেন। জমি বিক্রির পর আনিছার এসে জানান, জমিটি বিক্রির দায়িত্ব পেলে তাঁর দুই লাখ টাকা লাভ হতো। কাজটি ভালো হলো না বলে হুমকি দেয়। এর আগেও আরেকটি জমি বিক্রির পর রফিকুলকে হুমকি দেয় আনিছার। রফিকুল বলেন, ৫ এপ্রিল যেই সিএনজি অটোরিকশায় করে তিনি নাইমুলকে কোচিংয়ের উদ্দেশে পাঠিয়েছিলেন, ওই অটোরিকশার চালক ছিল আনিছারের ছেলে আরিফ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ভাষ্য: গতকাল কাহালু থানাহাজতে শাকিল প্রথম আলোকে জানান, হত্যার সময় তিনি উপস্থিত ছিলেন না। তাঁকে বলা হয়েছিল, নাইমুলের বাড়ি থেকে বের হওয়ার খবর দিতে। তিনি সেইভাবে জাকারিয়াকে খবর দিয়েছেন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হক বলেন, ‘আনিছার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।’