
পাঁচ বছরের শিশু ইসমাইল হোসেন ওরফে নীরব ছিল মো. রেজাউল ও নাজমা বেগম দম্পতির একমাত্র সন্তান। তাকে হারানোর শোক সইতে না পেরে মা নাজমা বেগম শয্যাশায়ী। গত মঙ্গলবার ইসমাইলের মৃত্যুর পর থেকে কিছুই মুখে তুলছেন না।
গত মঙ্গলবার ঢাকার শ্যামপুরে খেলার সময় নালায় পড় যায় ইসমাইল হোসেন। এর প্রায় চার ঘণ্টা পর বুড়িগঙ্গা নদীতে নালার মুখ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গত বুধবার ময়নাতদন্ত শেষে তার লাশ আনা হয় গ্রামের বাড়িতে। মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম বনগ্রাম গ্রামে বুধবার রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কবরস্থানে দাদা আবদুল করিমের কবরের পাশে দাফন করা হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ইসমাইল হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনায় গ্রামের মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে ইসমাইলদের বাড়ি গিয়ে দেখা যায়, উঠানে মিলাদের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। টিন ও বাঁশের তৈরি একটি ছোট ঘরে বিছানায় শুয়ে আছেন ইসমাইলের মা নাজমা। তাঁর চোখ গড়িয়ে পড়ছে জল। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। আর শোকে পাথর ইসমাইলের বাবা রেজাউল বসে আছেন স্ত্রীর পাশে।
ইসমাইলের নানি সুফিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার থেকে এখন পর্যন্ত নাজমাকে কিছু খাওয়ানো যায়নি। ছেলের জন্য বিলাপ করতে করতে সে কাহিল হয়ে পড়েছে। চিকিৎসক সকালে স্যালাইন পুশ করে গেছেন, ওষুধ দিয়েছেন। নাজমাকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। তাঁকে কীভাবে বাঁচাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ইসমাইলের বাবা রেজাউল একটি আসবাবের কারখানায় সামান্য বেতনের কাজ করেন। তাঁর এই আয় দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতে সমস্যা হচ্ছিল। চলতি মাসের শেষের দিকে স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। আগামী মাসে গ্রামের বাড়ির পাশের বিদ্যালয়ে ইসমাইলকে ভর্তি করার কথা ছিল।
ইসমাইলের ফুফু সোনিয়া বলেন, গ্রামে এলে এই ঘরে থাকত ইসমাইল। উঠানে, আঙিনায় দৌড়াদৌড়ি করত। কথা ছিল, বাড়ির কাছের স্কুলে ভর্তি হওয়ার।
ইসমাইলের মৃত্যু মর্মান্তিক উল্লেখ করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাম্মি আক্তার বলেন, ‘ইসমাইলের পরিবার অর্থসহায়তা চেয়ে একটি আবেদন করেছে। আবেদনে সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। স্থানীয় প্রশাসনের সামর্থ্য অনুযায়ী তার পরিবারকে সহায়তা করা হবে।’