শোকে বিহ্বল তিন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার সকালে স্থানীয় বাজারে মুঠোফোন ঠিক করার জন্য বের হন ফোরকান। কিন্তু বুকের ধন আর ফেরেননি, বললেন মা ফেরদৌস বেগম। গত বৃহস্পতিবার ফটিকছড়ির ভুজপুরে তাণ্ডবের ঘটনায় নিহত হন ফোরকান। ফোরকান ছাড়া জামায়াত-শিবিরের ওই হামলায় আরও দুজন মারা যান। তাঁরা হলেন মো. রুবেল ও আওয়ামী লীগের নেতা ফারুক ইকবাল। শুক্রবার বিকেলে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।গতকাল শনিবার নিহত ফোরকানের বাড়িতে গেলে মা ফেরদৌস বেগম বিলাপ করতে করতে বলেন, ‘আমার দুই ছেলে, চার মেয়ে। এক ছেলেকে হারালাম।’ নিহত ফারুক ইকবালের স্ত্রী সানজিদা আফরিন বলেন, ‘বাইরে শতাধিক মোটরসাইকেল অপেক্ষমাণ। যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াত-শিবিরের হরতালবিরোধী কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার কাছে তিনি দোয়া চান। মানুষটি আর ফেরেননি।’ দুই শিশু নাহিয়ান (৫) ও তাজরিয়ান (২) জানে না তাদের বাবা বেঁচে নেই। নিহত অপরজন মো. রুবেল নানার বাড়িতে থেকেই বড় হয়েছেন। সেখানে গিয়ে দেখা যায় মা শামসুন্নাহার কারও সঙ্গে কথা বলছেন না। কিন্তু নানি আর মামা কান্নাকাটি করছেন। মামা জাহাঙ্গীর আলম জানান, ছোটকাল থেকেই রুবেল বন্ধুবৎসল। বৃহস্পতিবারও বন্ধুদের পাল্লায় পড়ে হরতালবিরোধী মিছিলে যোগ দেন। বিকেল তিনটায় তাঁর মুঠোফোন থেকে বলা হয়, তিনি সুস্থ আছেন। কিছুক্ষণ পর মুঠোফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, তাঁকে মেরে ফেলা হয়েছে।ঘটনায় আহত নানুপুরের কিপাইত নগরের আবুল কাসেম বলেন, ‘বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজতের কর্মীরা এ হামলা করেছে। আমাদের মিছিলটি কাজিরহাট বাজারের কাছে এলে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের সবার হাতে ছিল লাঠি, দা, কিরিচ।’ আহত ফটিকছড়ির জাফত নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হালিম বলেন, ‘হামলাকারীরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। হামলাকারীদের সবার হাতে ছিল লাঠি, কিরিচ, রামদা।’ এ ঘটনায় তিনি ভুজপুর থানা-পুলিশ ও প্রশাসনের অবহেলাকে দায়ী করেন।