শোকে স্তব্ধ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজে ঘেরা বাড়িটিতে শোকের ছায়া। প্রায় ১৫ জন মানুষ থাকলেও নেই প্রাণের সাড়া। গতকাল সোমবার সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে সস্ত্রীক খুন হওয়া পুলিশের বিশেষ বিভাগের পরিদর্শক মাহফুজুর রহমানের ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ কান্দার গ্রামের বাড়িতে। দুপুরে বাড়িতে ঢুকতেই দেখা যায়, মাহফুজুরের ছোট ভাই মশিহুর রহমান উদাস চোখে বাড়ির সামনের মসজিদের বারান্দায় বসে আছেন। ভাইয়ের মৃত্যু নিয়ে কথা বলতে চাইলে মাথা নেড়ে বসতে বলেন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তিনি কথা বলতে শুরু করেন। দেশের আলোচিত মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর তিনি এখনো পড়েননি। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা দেখবেন।মাহফুজুর রহমানের মায়ের সঙ্গে দেখা করতে চাইলে মশিহুর রহমান নিয়ে যান বাড়ির ভেতরে। মা মোখছেদা খাতুন (৭৫) ছেলের হঠাৎ মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে গেছেন। অস্ফুট স্বরে কিছু বলতে চাইলেও তার অর্থ বোঝা যায়নি।মশিহুর রহমান জানান, গত শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি দেখলেও তাঁরা বিষয়টি মাকে জানতে দেননি। কিন্তু শনিবার খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রামের মানুষ তাঁদের বাড়িতে ভিড় করলে মোখছেদা খাতুন কিছু একটা অঘটন ঘটেছে বলে অনুমান করতে পারেন। পড়ে অবশ্য বিষয়টি আর লুকানো যায়নি তাঁর কাছে। এর পর থেকে তিনি বারবার মূর্ছা যাচ্ছেন।মাহফুজুর রহমানের চাচা আবদুল জলিল বলেন, মাহফুজের এ রকম মৃত্যু গ্রামের কেউ সহজে মেনে নিতে পারছেন না। শনিবার রাত পৌনে ১২টার দিকে লাশ দুটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রোববার সকাল সাড়ে ১০টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।পরিবারের কাছ থেকে জানা যায়, মাহফুজুর রহমানের বাবা ছিলেন গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাঁচ ভাইবোনের সংসারে মাহফুজুর রহমানই ছিলেন সবার বড়।